নদীর পাড়েই ছিলো বসত
নদীর তীরেই বাড়ি
নদীর সাথে সখ্যতা মোর
ছিলো কাঁড়ি কাঁড়ি।
নীড় হারা ঐ পাখি যেমন
পায়না খুঁজে সঠিক
তেমনি আমি সব হারিয়ে
হয়ছি পথের পথিক।
সুখপাখিটা সুখ হারিয়ে
এদিক সেদিক ঘুরে
সুখের নাগাল পায়না এখন
ভাঙা ডানায় উড়ে।
নদীর জলে সাঁতার কেটে
করেছি যে খেলা
নদীর বাঁকে মাছ শিকারে
কেটে যেতো বেলা।
সবুজ শ্যামল ফসলের মাঠ
ফসল ফলতো তাতে
সারা বছর কেটে যেতো
মাছে ডিমে ভাতে।
নদীর তীরে করতে গোসল
আসতো আমার সখী
নদীর জলে জলকেলি আর
হতো চখাচখি।
মনের কথা আদান-প্রদান
জল ছিটিয়ে হতো
যাবার কালে ফিরে ফিরে
মুচকি হাসি দিতো।
ফুটফুটে চাঁদ জোছনা বিলায়
সারা রাত্রী ধরে,
গরম দিনে শীতল হাওয়া
আসতো আমার ঘরে।
সকাল বেলা টগবগে লাল
রং ছড়াতো রবি,
রাত্রি কালে পুর্নিমা চাঁদ
আঁকতো ঢেউয়ে ছবি।
হঠাৎ করে প্রলয় ঢেউয়ে
মেতে উঠে নাশী,
মাঠের পরে ভাঙলো মাঠটা
সবই গেলো ভাসি।
এক পলকে সর্বনাশী
কেড়ে নিলো সকল
পালের গরু ঘরবাড়ি সব
ভেসে গেলো ফসল।
এপার ভাঙে ওপারে যাই
বাঁধি একখান বাসা
লন্ড ভন্ড সব হয়ে যায়
মনের সকল আশা।
একই গাঁয়ে ছিলাম মোরা
ছিলাম কতো সুখে,
ছিন্নভিন্ন সব হয়েছে
পাইনা কাওরে বুকে।
কোথায় গেলো আপন মানুষ
কোথায় প্রতিবেশী
কারো দেখা পাইনা আমি
সবাই আজ ভিন’দেশী।
কোথায় আমার সোনার ফসল
কোথায় বসত বাটি
আজকে আমি সর্বহারা
পথে পথে হাটি।
ছিলো আমার বুনিয়াদি ঘর
ছিলাম সুখি চাষি,
সব হারিয়ে এখন আমি
চোখের জলে ভাসি।
কামলা খাটি পরের বাড়ি
দিন মজুরি নিয়ে
রাত্রি কাটে গাছের নিচে
মাথায় বোঝা দিয়ে।
কোথায় গেছে সখী আমার
না জানি কোন দেশে
মনটা কাঁদে তাহার লাগি
আছে সে কোন বেশে।
ভেঙে গেছে আমার স্বপ্ন
আমার ভালোবাসা
স্বপ্নগুলো কেড়ে নিলো
নদী সর্বনাশা।
লেখক : অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ
সরকারি ইসলামপুর কলেজ, বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান)