কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে আল আমিনকে (২৬) আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) গভীর রাতে ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শক্তি মৃধা।
নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা থানার মনিপুরা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ছেলেসহ ভৈরবপুরের জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে পাশের কক্ষের বাসিন্দারা চিৎকার শুনে এগিয়ে আসেন। তারা দেখেন, হাফিজ উদ্দিনের কক্ষ তালাবদ্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হাফিজ উদ্দিনের মরদেহ।
এসআই শক্তি মৃধা জানান, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।