চাকরি ফেরতসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ২০০৯ সালের পিলখানা ঘটনার পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা টিএসসি হয়ে শাহবাগে পৌঁছালে পুরো মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ সদস্যরা ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের প্রধান তিনটি দাবি হলো:
১. পিলখানাসহ সারাদেশের বিডিআর ইউনিটে অনুষ্ঠিত বিশেষ আদালত এবং মহাপরিচালক বা অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত হওয়া সকল সদস্য, বিশেষ করে ৭৬ ব্যাচের, পুনর্বহাল করতে হবে। তাদের রাষ্ট্রীয় সুবিধা এবং উপযুক্ত ক্ষতিপূরণও নিশ্চিত করতে হবে।
২. পিলখানা হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত ‘শর্তযুক্ত কমিশন’কে পূর্ণ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। এই লক্ষ্যে কমিশনের কার্যপরিধিতে থাকা ‘ব্যতীত’ শব্দ এবং ধারা ২(ঙ) বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিথ্যা সাক্ষ্যে দণ্ডপ্রাপ্ত নির্দোষ সদস্যদের মুক্তি দিতে হবে।
৩. পিলখানা ঘটনার পর ষড়যন্ত্রমূলকভাবে চাকরিচ্যুত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্ত রক্ষায় গৌরবোজ্জ্বল অতীত ধারণ করা ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তারা।