প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম ধাপে তেহরান থেকে দেশে ফিরছেন ২৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ জন বাংলাদেশির তালিকা তৈরি করে পাকিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ২৫ জনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।

সূত্র বলছে, এ নাগরিকরা স্থলপথে ইরান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি বা নিকটবর্তী কোনো বিমানবন্দর থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন তারা। পাকিস্তান সরকার এই উদ্যোগে সম্মতি দিয়েছে এবং সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতিও দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “প্রথম দফায় ফিরিয়ে আনার তালিকায় নারী, শিশু, অসুস্থ ব্যক্তি ও চিকিৎসার জন্য ইরানে অবস্থান করা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তেহরানে বাংলাদেশ দূতাবাস আগ্রহীদের সমন্বয় করছে এবং উপযুক্ত সময় নির্ধারণ করে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।”

ইসলামাবাদে নিযুক্ত একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, এই দলটি চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে প্রবেশ করতে পারে। সম্ভাব্য তারিখ ২৫ বা ২৬ জুন। তবে শর্ত হিসেবে বাংলাদেশিদের ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে।

অন্যদিকে, ইরানে থাকা প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে অনেকে এখনই দেশে ফিরতে চাইছেন না। তেহরানে থাকা ১০-১২ জন শিক্ষার্থীর একটি দল শুরুতে দেশে ফেরার আগ্রহ দেখালেও এখন পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করেছে বলে শিক্ষার্থীরা আপাতত অপেক্ষা করতে চান। কারণ, এখন ফিরলে পরে ফিরে যাওয়া কঠিন হতে পারে।”

সরকার দ্রুত ও নিরাপদভাবে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা