নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে মা-বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন মেহরীন আহমেদ (১৯)। তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। অভিযুক্ত বাবা-মা দুজনই সরকারি ও কর্পোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
বাবা নাসির আহমেদ বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক এবং মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার হিসেবে কর্মরত।
রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০’ অনুযায়ী মামলাটি করেন মেহরীন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মা ও বাবাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক বাসায় বাবা ও মা মেহরীনকে শারীরিকভাবে আঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে তার গায়ে নীল-ফুলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, মেহরীন প্রাপ্তবয়স্ক হয়েও তার ব্যক্তিগত স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাকে পারিবারিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত মৌখিক অপমান, হুমকি ও অবজ্ঞার শিকার হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
আদালতে এসে মেহরীন বলেন, “আমি সুন্দর একটা জীবন চাই। বাবা-মায়ের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচার পেতেই আদালতে এসেছি।”
বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, “আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আদালত যথাযথ প্রক্রিয়ায় সমন জারি করেছেন।”