প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নবীন শিক্ষার্থীদের কোরআন উপহার দিল জবি ছাত্রশিবির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৫

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ আয়োজন। কোরআনের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমও তুলে দেওয়া হচ্ছে। দিনব্যাপী এই কর্মসূচিতে সর্বমোট এক হাজার শিক্ষার্থীর মধ্যে কোরআন উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবেও আমরা কোরআনের ভূমিকা বিশ্বাস করি। নবীন শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভেচ্ছা উপহার।”

তিনি আরও জানান, রেজিস্ট্রেশন করা আগের শিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় কোরআন পাবেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে স্থাপিত শিবিরের ডেস্ক থেকে শিক্ষার্থীরা কোরআন সংগ্রহ করতে পারছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আগ্রহী যে কেউ এই উপহার নিতে পারবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা