আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আজ (২২ জুন, রোববার) শেষ দিন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেওয়ার। আজকের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করবে না ইসি।
সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জমা পড়া আবেদনগুলোর প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১০০টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছে।
এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দলের অনুরোধের পর নির্বাচন কমিশন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা দেড় মাস বাড়ায়। বাড়ানো সময় অনুযায়ী, আজ এনসিপিসহ আরও কিছু রাজনৈতিক দল আবেদনপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
নিবন্ধনের শর্তাবলি
রাজনৈতিক দল নিবন্ধন আইনের আওতায় একটি দলকে নিবন্ধিত হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—
- একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি
- দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা কমিটি
- অন্তত ১০০টি উপজেলা বা সমমানের কমিটি
এ ছাড়া কোনো দলের প্রার্থী যদি আগের কোনো সংসদ নির্বাচনে জয়ী হয়ে থাকেন, অথবা প্রাপ্ত ভোটের অন্তত ৫ শতাংশ অর্জন করে, তাহলেও দলটি নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়।
বর্তমানে নিবন্ধিত দল ৫০টি
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। সর্বশেষ নিবন্ধন পেয়েছে—বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), নাগরিক ঐক্য (মাহমুদুর রহমান মান্না) এবং গণসংহতি আন্দোলনসহ আরও কয়েকটি দল।
তবে বেশিরভাগ দলের ক্ষেত্রে নিবন্ধন এসেছে আবেদন জমা দেওয়ার পাঁচ থেকে ছয় বছর পর, এবং তা হয়েছে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থা চালু হয়। এরপর থেকে মোট ৫৫টি দল নিবন্ধন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে শর্ত না মানায় ও আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা—এই পাঁচ দলের নিবন্ধন বাতিল করা হয়।
সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলেও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।