প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাস্তার অনিয়মের ভিডিও করায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে সরকারি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অনুসন্ধানে গিয়ে একাধিক সাংবাদিক প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।

শনিবার (২১ জুন) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ঘাষিরপাড়া মন্ডলবাড়ি সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত সিসি ঢালাইয়ের কাজ সরেজমিনে দেখতে যান স্থানীয় সাংবাদিকরা। এলাকাবাসীর অভিযোগ, সেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন চেয়ারম্যান পলাশ। সাংবাদিকরা তা না মানায় তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হুমকির শিকার সাংবাদিকরা হলেন:

  • এমদাদুল হক লালন (প্রতিনিধি, দৈনিক ইনকিলাব)
  • আল মোজাহিদ বাবু (প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত)
  • আমিনুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক ভোরের বাণী)
  • এবং আরও দুই স্থানীয় গণমাধ্যমকর্মী।

দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন বলেন, “নিম্নমানের কাজের অভিযোগে তথ্য সংগ্রহে গেলে চেয়ারম্যান আমাদের ওপর চড়াও হন, গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন।”

একই ধরনের বক্তব্য দেন সাংবাদিক বাঁধন মোল্লাও। তিনি বলেন, “চেয়ারম্যান বলেন, ক্যামেরা বন্ধ না করলে আমরা জীবিত ফিরতে পারব না।”

ঘটনার পর রাতে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক আল মুজাহিদ বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি খন্দকার শাকের আহাম্মেদ। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন। তিনি বলেন, “এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, আমি এ বিষয়ে কিছু বলি নাই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা