২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আজ চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। রোববার (২২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে বাজেট অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ ও অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন। এর মধ্যে নির্দিষ্টকরণ ও সম্পূরক বাজেট অধ্যাদেশের আইনি যাচাই ইতোমধ্যে শেষ হয়েছে, শুধুমাত্র চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে।
এদিকে, এবারের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সোনার আংটি ক্রয়, কর্নিয়া স্থাপনসহ ৫ শতাংশ করযোগ্য খাতগুলোর কর মওকুফের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
গত ২ জুন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নতুন অর্থবছরের বাজেটের আকার চলতি বছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে জিডিপির ৩.৬ শতাংশ, যা দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে পূরণ করা হবে।
চলতি অর্থবছরের মূল বাজেটে মোট বরাদ্দ ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা বরাদ্দ দেওয়া হয়েছিল ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য। তবে সম্পূরক বাজেট বিবৃতিতে দেখা গেছে, ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি টাকায়। এর মধ্যে শুধু অর্থ বিভাগের অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ২৫৬ কোটি টাকা।
অন্যদিকে, বাকি ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কিছু মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে, আবার কিছু বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে।