সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮৩১ প্যাকেট ভারতীয় দামী কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।
শনিবার (২১ জুন) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি ক্যাম্পের সদস্যরা শহীদ মিনার এলাকা থেকে কসমেটিকসের প্যাকেটগুলো জব্দ করেন। এছাড়াও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হলেও চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত কসমেটিকস সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”