বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনের জন্য দায়ী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে বিএনপি।
শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (২২ জুন) বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করবেন। একইদিন সকালে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি হস্তান্তর করা হবে।
বিএনপির দাবি, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আয়োজন করেন তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। সেই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা ভোটে জয়ী হয় আওয়ামী লীগ ও তাদের মিত্ররা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে আগের রাতেই ব্যালটে সিল মারা হয় বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে মহাজোট ২৮৮টি আসনে জয় পায়। তখন সিইসি ছিলেন কে এম নুরুল হুদা।
সর্বশেষ, ২০২৪ সালের নির্বাচনেও বিতর্ক থামেনি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ‘আমি-ডামি’ ভোট বলে ব্যঙ্গ হয়। ভোটের হার নিয়ে বিভ্রান্তি, অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিএনপি বলছে, এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না এবং তা গণতন্ত্রের জন্য মারাত্মক আঘাত। এজন্য জবাবদিহির দাবি জানিয়ে এই মামলা করা হচ্ছে।