ইরানের টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এই অবস্থায় বহু ইসরায়েলি নাগরিক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, কেউ কেউ আশ্রয়ের খোঁজে মুসলিম দেশ হয়ে ইউরোপে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলোও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তাদের বরাতে জানা গেছে, ইরানি হামলার আশঙ্কায় বহু ইসরায়েলি নাগরিক মিসরের সিনাই উপদ্বীপে জড়ো হচ্ছেন।
এক হিব্রু ভাষার পত্রিকার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এক ইসরায়েলি নাগরিক বলেছেন— “আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না।” এই বক্তব্য থেকেই বোঝা যায়, ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা ভয়াবহ।
তেহরান টাইমস আরও জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ দেশত্যাগে কড়াকড়ি আরোপ করায় অনেকেই পাচারকারীদের সাহায্যে সাগরপথে পালানোর চেষ্টা করছেন। পাচারকারীরা নৌকায় করে ইসরায়েলিদের সাইপ্রাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। ফলে এই সাগরপথ এখন অনেক ইসরায়েলির কাছে সংকট থেকে পালানোর একমাত্র বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। তেহরান থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। এরই জেরে নিরাপত্তাহীনতায় ভুগে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন বহু ইসরায়েলি নাগরিক।