প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৫

বাংলাদেশের ব্যাংক খাত সংস্কার ৫০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)। এছাড়া জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি সহায়তায় ৪০ কোটি ডলার দিয়েছে। অর্থাৎ মোট ৯০ কোটি ডলার বর্তমান মার্কিন ডলার বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা। চলতি জুন মাসের মধ্যেই এই অর্থ বাংলাদেশের হাতে চলে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির সদর দপ্তরে বোর্ড সভায় এই বাজেট সহায়তা অনুমোদন দেওয়া হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ব্যয় হবে ব্যাংক খাত সংস্কারে এবং ৪০ কোটি ডলার ব্যয় হবে জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচিতে।

এডিবির মুখ্য আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, “বাংলাদেশের ব্যাংক খাতের প্রধান সমস্যা হলো দুর্বল সম্পদ গুণমান, তারল্য সংকট এবং সীমিত আর্থিক অন্তর্ভুক্তিকরণ। আমাদের অর্থায়নের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, ব্যাংক খাতের মূলধন কাঠামো শক্তিশালীকরণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এডিবির এই কর্মসূচি বাংলাদেশের আর্থিক খাতে টেকসই পরিবর্তন আনবে।”

জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪০ কোটি ডলার ব্যয় করা হবে জলবায়ু অর্থায়ন সহজতর করা, জলবায়ু উন্নয়ন অংশীদারত্ব গঠন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে। এ কর্মসূচির মাধ্যমে দেশের দুর্যোগপ্রবণ জনগোষ্ঠী ও ঝুঁকিপূর্ণ খাতগুলো আরও বেশি নিরাপত্তা পাবে বলে আশা করা হচ্ছে।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে বাংলাদেশের আর্থিক খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে এডিবির বাজেট সহায়তা সরকারকে কাঠামোগত সংস্কার এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে বিশ্লেষকদের মত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা