জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ১৭ জুন আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
পূর্বে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনকারী এসএম নুরুজ্জামান বর্তমানে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি ২০১৩ সালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জেনিথ ইসলামী লাইফে যোগ দেন এবং পরবর্তীতে ধাপে ধাপে ডেপুটি ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন।
বীমা শিল্পে তাঁর পথচলা শুরু হয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। এরপর তিনি ফারইস্ট ইসলামী লাইফে এক যুগ ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি এমডি (উন্নয়ন প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন।
একজন অভিজ্ঞ ও দক্ষ বীমা পেশাজীবী হিসেবে এসএম নুরুজ্জামান ইসলামী বীমা ব্যবসা নিয়ে গবেষণা ও লেখালেখিতে সক্রিয়। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন—যার মধ্যে রয়েছে ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
১৯৭৯ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে জন্মগ্রহণকারী নুরুজ্জামান ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের পিতা।