নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক সজল মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই দিনে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যার ঘটনায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আইভীর আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
আদালতে আইভীকে সরাসরি হাজির করা হয়নি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রমিক সজল মিয়া। তিনি স্থানীয় একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন। তার মা রুনা বেগম ২০২৫ সালের ১৬ মে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন, যাতে ২১৬ জনকে আসামি করা হয়।
এর আগে গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক মেয়র আইভীকে আসামি করা হয়েছে।