বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐকমত্য আছে। তিনি বলেন, কোথাও দ্বিমত আছে আমরা মনে করি না। তবে, নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর জাতি অত্যন্ত আনন্দিত বলে উল্লেখ করে আমির খসরু বলেন, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এ জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর নির্বাচনের দিনক্ষণ যেটা, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেটা তো আর সরকারের বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্য একটু আমাদেরও ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না। একটু একটু সহনশীল হতে হবে। একেবারে আস্থাহীন হয়ে যাই, অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। এটা জাতির জন্য এটা কাম্য না।
সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে কোনো বার্তা দেওয়া যায় কিনা এমন প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন, নিশ্চয়ই। এটা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হবে। এ ব্যাপার খুবই স্বাভাবিক। এটা তো রুটিনের ব্যাপার তাই না। সুতরাং আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দেই। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতের সামনে চলার পথ বিঘ্নিত করা ঠিক হবে না। সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময়মতো দেশে নির্বাচন হবে।
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে চলমান অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, আইনগতভাবে কোর্টের রায় হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আসছে। সুতরাং সবাই অপেক্ষায় আছে। দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়। নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং আমরা একটু ধৈর্য ধরি।
আগামী দিনে বিএনপি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন আনতে চায় বলে উল্লেখ করে আমির খসরু বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।