প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে ১০ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে কোম্পানির টাকা তুলে ফেরার পথে গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

রোববার (১৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল নতুন সড়কে ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় ‘ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেড’-এর জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদমজী ইপিজেডে অবস্থিত ‘ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেড’-এর অ্যাকাউন্টস অফিসার মো. নুরুল ইসলাম (৬২) এবং আরেক কর্মকর্তা নাজমুল হাসান হীরাঝিল এলাকার ইসলামী ব্যাংক শিমরাইল শাখা থেকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা উত্তোলন করেন। পরে অফিসে ফেরার পথে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তারা। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের পাশে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে একদল দুর্বৃত্ত তাদের হাতে থাকা টাকার ব্যাগ ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, ঘটনা এত দ্রুত ঘটেছে যে, গাড়ির নম্বর দেখতে পারেননি তারা।

এ বিষয়ে জেনারেল ম্যানেজার ইলিয়াস হোসেন বলেন, “এই ছিনতাইয়ের ঘটনায় আমরা খুবই হতবাক। থানায় অভিযোগ দিয়েছি। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও উদ্বেগ প্রকাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা