ইসরায়েলে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে পরিচালিত এই অভিযানে দেশটির সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কার্যত ব্যর্থ প্রমাণিত হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে আঘাত হানছে তেল আবিব, হাইফা ও জেরুজালেমের মতো শহরগুলোতে।
বিবিসি ও রয়টার্স জানায়, সোমবার মধ্যরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে হামলার খবর নিশ্চিত করা হয়। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন কৌশলগত স্থাপনায় বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
হামলার সময় জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। হাইফার একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি ফায়ার সার্ভিস।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য লোকাল কল-এর সম্পাদক মেরন র্যাপোপোর্ট আল জাজিরাকে বলেন, “ইরানের হামলার ব্যাপারে ইসরায়েল প্রস্তুত ছিল বলে দাবি করলেও বাস্তবতা হচ্ছে, এত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। কিছু আঘাত হয়তো এখনও প্রকাশ করা হয়নি।”
এ হামলার পেছনে কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করছেন, ইসরায়েলের ১৩ জুন ভোরে ইরানের ওপর চালানো আক্রমণই মূল প্রেক্ষাপট তৈরি করে দেয়। ওই হামলায় আইআরজিসি প্রধান হোসাইন সালামিসহ অন্তত ২০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হন।
নতুন আইআরজিসি প্রধান দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দেন, “ইসরায়েলি আগ্রাসনের জবাবে জাহান্নামের দরজা খুলে যাবে।” তার কয়েক ঘণ্টা পরই শুরু হয় ইরানের পাল্টা হামলা।
রোববার মধ্যরাতের হামলাতেও ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহত হন কমপক্ষে ১০ জন, আহত হন ২০০ জনের বেশি।
পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে বিশ্লেষকেরা দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।