প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৫

চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। আমদানি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ সময় বাংলাদেশি পোশাক রপ্তানি বেড়েছে ২৯ দশমিক ৩৩ শতাংশ—যা সব দেশের মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসারে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মোট ২ হাজার ৬২১ কোটি ৮০ লাখ ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১০.৬৫ শতাংশ বেশি।

রপ্তানির দিক থেকে চীনকে পেছনে ফেলে ভিয়েতনাম এখন মার্কিন বাজারে শীর্ষ পোশাক সরবরাহকারী। ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ১৬.০৬ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫০৮ কোটি ৯১ লাখ ডলারে। অপরদিকে, চীনের প্রবৃদ্ধি মাত্র ০.৬৬ শতাংশ।

তবে প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান সবচেয়ে উজ্জ্বল। প্রথম চার মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ২৯৮ কোটি ৩১ লাখ ডলারের পোশাক—যা ভিয়েতনামের দ্বিগুণের কাছাকাছি। ভারতের প্রবৃদ্ধি হয়েছে ২০.৩০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ১৫.৬০ শতাংশ।

এ সময় পাকিস্তান, কম্বোডিয়াসহ অন্যান্য দেশের রপ্তানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। যথাক্রমে পাকিস্তানের ১৯.৭৯ শতাংশ (১২৩ কোটি ৯ লাখ ডলার) এবং কম্বোডিয়ার ১৯.৫৭ শতাংশ (৭৪ কোটি ৯৫ লাখ ডলার)।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের জনপ্রিয়তা বাড়ার পেছনে প্রতিযোগী মূল্য, বৈচিত্র্যপূর্ণ পণ্য এবং উন্নত কর্মপরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা