প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫

ফেনী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বিবি আমেনা নামের এক গৃহবধূ। শনিবার (১৪ জুন) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন সন্তানের মা হওয়া আমেনা ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বাসিন্দা। শনিবার সকালে প্রসববেদনা নিয়ে তিনি ভর্তি হন শহরের রয়েল হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়ার পরপরই গাইনি বিশেষজ্ঞ ডা. নূরে আখতার সুমির তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করা হয়। সেখানে দেখা যায়, আমেনার গর্ভে রয়েছে তিনটি সন্তান। পরে পরিবারের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন ডা. নূরে আখতার সুমি। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. আসিফ ইকবাল।

রয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন—এটাই আমাদের বড় সার্থকতা। সবাই নবজাতকদের জন্য দোয়া করবেন।”

স্থানীয়ভাবে বিরল এমন ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের পরিবেশ। পরিবারের সদস্যরাও খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা