ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অনিচ্ছাকৃতভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা ১৫টি গরু আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তরে কালিকাপুর গ্রামের ফসলি জমিতে ঘাস খেতে খেতে গরুগুলো ভারতের সীমানায় ঢুকে পড়ে। বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে গরুগুলো আটক করে বিএসএফ সদস্যরা।
ঘটনার পর বিজিবি ও বিএসএফ’র মধ্যে যোগাযোগ হলে বেলা পৌনে ১২টার দিকে সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা।
বৈঠক শেষে গরুগুলো বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও দ্রুত সমঝোতার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।”
স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠে গরু চরানো হয় বলেই মাঝে মাঝে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে দুই দেশের সীমান্তরক্ষীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।