প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চাকরিপ্রত্যাশীরা নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয়ের দিকে লংমার্চ করে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

চাক্ষুষ প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে নিয়োগপ্রত্যাশীরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ৮ জুন একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করে।

ডিএমপির ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৯ জুন ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ঘটনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা