প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘মেয়র হিসেবে শপথ নিতেই হবে’: ইশরাক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এই আন্দোলনের মধ্যেও নগরবাসী যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

রোববার (১৫ জুন) বেলা ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আন্দোলন থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা আমাদের অধিকার, জনগণের রায়। আদালতের রায় জনগণের রায়কে মেনে নিতে হবে।”

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “আপনাকে অনুরোধ করব বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করুন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি।”

‘দ্রুত নিষ্পত্তি করুন, নইলে সংকট চলবেই’
সরকারের উদ্দেশে ইশরাক বলেন,

“দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করুন, তাহলে অচলাবস্থা কেটে যাবে। তা না হলে দক্ষিণ সিটি করপোরেশনের সংকট চলতেই থাকবে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

তবে তিনি আশ্বস্ত করেন, “জনগণের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে দৈনন্দিন কার্যক্রম আমাদের তত্ত্বাবধানে চলবে।”

পটভূমি: কীভাবে ইশরাক মেয়র হলেন?
২০২4 সালের ৫ আগস্ট, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করা হয়। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ, একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচন কমিশন (ইসি) ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ গেজেট ও ট্রাইব্যুনালের রায় স্থগিত চেয়ে রিট করেন, যা ২২ মে হাইকোর্ট খারিজ করে দেয়। পরে তিনি লিভ টু আপিল করেন, যা শুনানি শেষে ১৩ জুন আপিল বিভাগে নিষ্পত্তি হয়।

শপথ নিয়ে অনিশ্চয়তা: বিচারিক ও প্রশাসনিক অনুমোদন থাকা সত্ত্বেও ইশরাককে এখনও শপথ পড়ানো হয়নি, যা ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। শপথ গ্রহণে বিলম্ব এবং সরকারের ‘নীরব অবস্থান’কেই এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে এনেছেন ইশরাক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা