প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হোয়াটসঅ্যাপে দীর্ঘ মেসেজের অংশ কপি-পেস্টের সুবিধা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫

দীর্ঘ মেসেজ থেকে প্রয়োজনীয় অংশ কপি করতে ব্যবহারকারীদের যে ভোগান্তি হতো, এবার সেই সমস্যা দূর করতে নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলে পাঠানো দীর্ঘ বার্তা থেকে নির্দিষ্ট শব্দ, বাক্য বা অংশ সহজেই আলাদা করে কপি করা যাবে। ফলে সময় বাঁচবে, বাড়বে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ এবং মেসেজ ব্যবহারে বাড়তি স্বাচ্ছন্দ্য মিলবে।

এখন থেকে শুধু একটি মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখতে (Tap & Hold) হবে এবং এরপর কাঙ্ক্ষিত অংশ সিলেক্ট করে ‘Copy’ অপশন বেছে নিলেই কপি হয়ে যাবে সেই অংশ।

প্রাথমিকভাবে এই সুবিধা iOS ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও শিগগিরই এই ফিচার উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপটিকে আরও ইউজার-ফ্রেন্ডলি করতে তারা নিয়মিত নানা ফিচার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। নতুন এই কপি-পেস্ট সুবিধাও সেই প্রয়াসেরই একটি অংশ।

কীভাবে কাজ করবে:

  1. ব্যক্তিগত, গ্রুপ ও চ্যানেল চ্যাটে প্রযোজ্য
  2. মেসেজে ট্যাপ করে ধরে রাখতে হবে (Tap & Hold)
  3. কাঙ্ক্ষিত অংশ সিলেক্ট করে ‘Copy’ চাপলেই হবে

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি নতুন এআই-ভিত্তিক সারাংশ ফিচার, যা গ্রুপ চ্যাটে কী আলোচনা হয়েছে তা সংক্ষেপে জানিয়ে দেবে। ফলে পুরোনো বার্তাগুলো ঘাঁটতে হবে না, আবার প্রাইভেসিও থাকবে সুরক্ষিত।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপের এ ধরনের ফিচার হালনাগাদ ব্যবহারকারীদের অ্যাপে ধরে রাখার কৌশলেরই অংশ, যেখানে ব্যবহারকারীদের চাহিদার দিকগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা