প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলে আরও হামলা বাড়াবে ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হওয়ার ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছে তেহরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের ওপর আরও কঠোর হামলার পরিকল্পনা করেছে এবং প্রয়োজন হলে এই হামলা আরও জোরালো করা হবে।

শুক্রবার (১৩ জুন) রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এই হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়। ইরান দাবি করেছে, এ হামলায় ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তারা ভেদ করতে সক্ষম হয়েছে।

ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং সেনাবাহিনী প্রধানের নির্দেশে ও জনদাবির ভিত্তিতে পরিচালিত হয়েছে।
আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর হুঁশিয়ার করে বলেন, “ইরানের পাল্টা হামলা ইসরায়েলের জন্য ‘নারকীয় দরজা’ খুলে দেবে এবং এ সংঘাত হবে কঠিন ও যন্ত্রণাদায়ক।”

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বকর কালিবাফ আরও বলেন, “যেহেতু যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, তাই এই সংঘাতের শেষ কোথায় হবে, তা ঠিক করবে ইরান।”

আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “যদি ভবিষ্যতে ইসরায়েল বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ইরানের প্রতিক্রিয়ায় ইসরায়েলের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোই মূল লক্ষ্য হবে।”

একই দিনে ইসরায়েল ইরানের কেন্দ্রীয় এসফাহান প্রদেশের পারমাণবিক স্থাপনা ‘নাতানজ’-এ হামলা চালায়। যদিও এ হামলায় ভূগর্ভস্থ স্থাপনাগুলো অক্ষত থাকে, তবে উপরিভাগে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং একজন পাইলটকে বন্দি করা হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী শয়তান শত্রুকে এমন এক ধাক্কা দেবে, যা তাকে চিরতরে অসহায় করে তুলবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা