প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি যাত্রীবাহী বাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।

ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৫ জন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক সরানোর কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা