ঈদুল আজহার টানা ছুটির পর রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।
চলতি ঈদে কর্মজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) অফিস-আদালত খুলে যাচ্ছে। ফলে আজ থেকেই রাজধানীমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।
যাত্রীরা জানান, অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। অনেকে বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ভ্যান কিংবা মোটরসাইকেলে চড়েও কর্মস্থলের দিকে রওনা হচ্ছেন।
স্থানীয়রা জানান, গাজীপুরের অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খোলার কথা থাকায় চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ তুলনামূলক বেশি। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ অনেকের।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, “রোববার থেকে অফিস খুলছে, তাই শুক্রবার ও শনিবার দুই দিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”