প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৫

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে সালামি ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা রয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও জানা গেছে।

ঘটনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যায়িত করে। বিবৃতিতে বলা হয়, “ইরান এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। ইসরায়েলকে এর ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”

ইরানের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বলা হয়েছে, “এখন ফল ভোগ করার পালা।” হামলার পরপরই ইরান সর্বোচ্চ সতর্কতায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। একইসঙ্গে ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে ‘বিশেষ জরুরি অবস্থা’।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা