প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে পার পাওয়া যাবে না – জিএম কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “বর্তমান সরকার আবারও শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল এবার সেই নির্বাচনকে সহজে মেনে নেবে না।”

বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “যেসব রাজনৈতিক শক্তি দেশের প্রায় অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না। এই ধরনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় না। এতে সাধারণ মানুষ ভোটে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে, আর সেই সুযোগে নানা কারসাজি করে জালিয়াতির মাধ্যমে ফলাফল তৈরি করা হয়।”

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, “এমন প্রক্রিয়ায় গঠিত সরকার কখনোই বৈধতা পাবে না, দেশেও স্থিতিশীলতা আসবে না। ফলে বিদ্যমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতিও রোধ করা সম্ভব হবে না।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মইনুল রাব্বি চৌধুরী রুম্মন, ভাইস চেয়ারম্যান গোলাম মো. রাজু, প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক এবং মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদার, যুগ্ম আহ্বায়ক জানে আলমসহ জেলার বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হলেও তা উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা