প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিষেধাজ্ঞা শেষে জালে ইলিশের ছড়াছড়ি, প্রথম দিনেই ৪৩ মণ!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৫

৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতেই সমুদ্রে নেমে জেলেরা ফিরে এসেছেন আশাব্যঞ্জক সাফল্য নিয়ে। পটুয়াখালীর কুয়াকাটার উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইউনুস মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালেই আলীপুর মৎস্য বন্দরের ‘আবদুল্লাহ ফিস’-এ এসব মাছ নিলামে বিক্রি হয় ২০ লাখ ৬২ হাজার টাকায়। এফবি তামান্না ট্রলারটি বুধবার মধ্যরাতে গভীর সমুদ্রে জাল ফেলে প্রথমবারেই এত ইলিশ পায়।

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, ১৯ জন জেলেসহ তারা গভীর সমুদ্রে রওনা দেন এবং পায়রা বন্দরের কাছাকাছি এলাকায় জাল ফেলতেই ইলিশে ভরে যায় জাল। এমন সাফল্যে সবাই উৎফুল্ল।

ট্রলারের মালিক ইউসুফ হাওলাদার বলেন, “অভাবের মধ্যে ট্রলার চালিয়ে পাঠিয়েছিলাম। মাছ না পেলে বড় লোকসান হতো। আল্লাহর রহমতে এই শুরুতেই বড় সফলতা পেয়েছি।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এ বছর নিষেধাজ্ঞা মেনে চলার কারণে ইলিশের প্রজনন ভালো হয়েছে। এর সুফল মিলছে এখন। মাছের পরিমাণ ভালো থাকায় উপকূলের জেলেরা এবার আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা