প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৫

পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আলোচনা ব্যর্থ হলে সরাসরি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার (১১ জুন) এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে কিছু মার্কিন কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি আমাদের ওপর কোনো সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে সীমান্তবর্তী সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে।”

আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইরানের এমন হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে তিনি দেশটিতে বোমাবর্ষণের নির্দেশ দিতে দ্বিধা করবেন না। আজ এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার মতে চুক্তির সম্ভাবনা এখন ক্ষীণ। তিনি দাবি করেন, ইরান আগে আলোচনা নিয়ে আগ্রহ দেখালেও এখন অনেক কঠোর অবস্থানে রয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অনড় অবস্থানও স্পষ্ট। দেশটি জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তারা কোনো ছাড় দেবে না। আর যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে তা করতে দেওয়া হবে না।

পরবর্তী আলোচনায় ইরান তার নিজস্ব একটি চুক্তির খসড়া উপস্থাপন করবে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল।

চুক্তি না হলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা