ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বুধবার (১১ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ছয়জন।
মৃতদের মধ্যে তিনজন কেরালার, দুজন কর্ণাটকের এবং একজন মহারাষ্ট্রের। এদের মধ্যে একজন ৪৩ বছর বয়সী যিনি কম রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী ছিলেন। বাকি পাঁচজনই বয়স্ক এবং আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সম্প্রতি ভারতে করোনা সংক্রমণের গতি বাড়ছে। বিশেষ করে LF.7, XFG, ও JN.1 উপধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি নতুন করে NB.1.8.1 নামে একটি নতুন উপধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
যদিও সংক্রমণ ঊর্ধ্বমুখী, তবু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনই গণহারে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না। তাদের মতে, বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে বুস্টার ডোজ কার্যকর হতে পারে, তবে পুরো জনগণের জন্য নয়।
তারা জানিয়েছেন, যেহেতু ভারতীয় জনগণের অধিকাংশ আগেই টিকাপ্রাপ্ত, তাই নতুন করে গণহারে টিকাদান আপাতত জরুরি নয়। বরং মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, এবং জনসমাগম এড়িয়ে চলা—এই ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ গ্রহণেই জোর দিচ্ছেন তারা।
সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, কেন্দ্রীয় সরকার দেশের স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
এছাড়াও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, জ্বর, সর্দি বা কাশি হলেই করোনা হয়েছে—এমন ধারণা করা সঠিক নয়। সাধারণ জ্বর ও করোনা উপসর্গের মধ্যে পার্থক্য নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।