প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক বছরের কাজ শেষ হয়নি তিন বছরেও, ১৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৫

২০২২ সালের ফেব্রুয়ারিতে নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হয়েছিল। এক বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় পেরিয়ে গেছে সাড়ে তিন বছর। এখনো কাজ শেষ হয়নি। প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হলেও বিল উত্তোলন হয়ে গেছে ১৩ কোটি ৫৩ লাখ টাকা, যা বরাদ্দের প্রায় ৬২ শতাংশ।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ গত বছরের এপ্রিল মাসে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর খোঁজ মিলছে না ঠিকাদারের। তিনি গা ঢাকা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে। এদিকে সড়ক নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

সৈয়দপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় ওই জিসি সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কারের জন্য ২০২২ জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী সৈয়দপুরের পোড়া হাট থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত সংস্কারের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় নীলফামারী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স। কাজ শুরু হয় একই বছরের ১২ ফেব্রুয়ারি। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে গত বছরের এপ্রিলে শেষ করার কথা থাকলেও বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। ১৭ কিলোমিটারের মধ্যে কাজ হয়েছে ১০ কিলোমিটার। এখনও ৩৫ শতাংশ কাজ বাকি। তবে এরই মধ্যে ১৩ কোটি ৫৩ লাখ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার।

সরেজমিনে দেখা যায়, সড়কটির ১০ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। এখনো ৭ কিলোমিটারের কাজ পড়ে রয়েছে। অনেক স্থানে শুধু ইট বিছিয়ে রাখা হয়েছে। আবার কোথাও খোয়া বিছানো হলেও কার্পেটিং করা হয়নি। এ অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখার ফলে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ভেঙে গেছে। অনেক জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলে সড়কটিতে এখন পানি জমে এবং শুকনো মৌসুমে ওড়ে ধুলা। অনেক জায়গায় বালু ও খোয়া ফেলে ভরাট করা হলেও রোলার করা হয়নি। ফলে খোয়ার ওপর দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সংস্কারকাজ শেষ না হওয়ার রাস্তার পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়ে গেছে।

সৈয়দপুর উপজেলার হাজারিহাট গ্রামের বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, সাড়ে তিন বছর ধরে ধুলো-কাদায় কষ্টে এই রাস্তা দিয়ে চলতে হচ্ছে। রাস্তার কাজ আর শেষ হয়েছে না। রাস্তা যখন খারাপ ছিল, তখন কিন্তু কষ্ট ছিল না যতটা না রাস্তার কাজ শুরুর পর কষ্ট হয়েছে।

একই উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক দিন ধরেই রাস্তার এ অবস্থা। কিন্তু সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। এ রাস্তায় শিশুদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে।

সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, এ পর্যন্ত সড়কের ৬৫ শতাংশ কাজ হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকাদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যোগাযোগের চেষ্টা করেও খোঁজ মিলছে না ঠিকাদারের।

প্রকৌশলী আরও বলেন, মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। চুক্তি বাতিল করে আবার দরপত্র দিয়ে কাজটি শেষ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা