প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন স্বপ্ন, পুরনো হতাশা—সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৫

বহুল প্রতীক্ষিত ম্যাচে মঙ্গলবার (১০ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। মাঠে নামার আগে নতুন যুগের আশায় বুক বেঁধেছিল দলটি। অভিষেক ঘটেছে তিন প্রবাসী ফুটবলারের—হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলামের। তাদের উপস্থিতি দলকে উজ্জীবিত করলেও কাঙ্ক্ষিত ফল আসেনি।

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে ও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল হজম করে চাপে পড়ে যায় দল। ৬৭তম মিনিটে রাকিব হোসেন গোল করে ব্যবধান কমান, তবে সমতায় ফেরার পথ খুঁজে পাওয়া যায়নি।

প্রথমবার জাতীয় দলে খেলেই আলো কেড়েছেন কানাডা প্রবাসী সমিত সোম। মাঝমাঠে তার সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন হামজা ও ফাহামেদুল। শুরুতে কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব হোসেন। অন্যদিকে, ডিফেন্সে ভুলের খেসারত দিতে হয় দলকে।

বিপুল দর্শক সমর্থন ও গ্যালারিভর্তি উল্লাস সত্ত্বেও শেষ হাসি হেসেছে সিঙ্গাপুর। তবে হারের মাঝেও ফুটে উঠেছে এক নতুন সম্ভাবনার আভাস—এই ম্যাচই হয়তো বাংলাদেশের ফুটবলে এক নবযাত্রার সূচনা হয়ে থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা