প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন – মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৫

লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের তারিখ প্রকাশের পর আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তারেক রহমান খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। তবে তার নির্দিষ্ট সময়সূচি এখনই জানানো হয়নি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক তথ্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসকদের মতে তিনি এখন অনেকটা সুস্থ।”

তিনি আরও জানান, আসছে শুক্রবার (১৩ জুন) লন্ডনে তারেক রহমান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠককে দলের স্থায়ী কমিটি স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

“জাতীয় এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎ অনেক তাৎপর্যপূর্ণ হতে পারে। বৈঠক থেকে নানা সম্ভাবনার নতুন দ্বার খুলে যেতে পারে,”—বলেন ফখরুল।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই সংলাপ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যদিও বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারণ করা হয়নি, তবে মির্জা ফখরুল মনে করেন, সামগ্রিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা