মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এই তিন তরুণের মৃত্যু হয়। গতকাল সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাজেরকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।
স্থানীয় লোকজন ওই তিনজনকে উদ্ধার করেন। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।