বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ করবেন।
আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (৯ জুন) দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপির দুইজন স্থায়ী কমিটির সদস্য জানান, তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এই বৈঠকে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আজ মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন।
গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এই সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন। তিনি ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল।