একটি ইলিশ সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। চাঁদপুরে ২ কেজি ১৮০ গ্রাম ওজনের একটি ইলিশ এই দামে বিক্রি হয়।
সোমবার (৯ জুন) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, পদ্মা নদী থেকে এর আগে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার হাজী সিরাজ চৌকদারের গদিতে কমপক্ষে ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্য নিলামে ইলিশটি বিক্রি করা হয়।
মাছটি কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নবীর হোসেন । তিনি বলেন, অনেকদিন পর এত বড় ইলিশ ক্রয় করেছি। আমাদের ঘাটে মাছটি বিক্রয় করার চেষ্টা করছি। তবে ঢাকায় আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন। তাদেরকেও খবর দিয়েছি। তারা কেউ মাছটি নিয়ে যাবেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায়।
আলমগীর নামে এক বিক্রেতা বলেন, এখন মাছের চাহিদা বেশি। ইলিশ কম থাকায় দাম বেশি।
ইলিশের এমন উচ্চমূল্যের বিষয়ে জানতে চাইলে মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। এখানে মাছ কম আসছে। এ কারণে দাম অনেক বেশি। ঈদের ছুটিতে অনেক গ্রামে এসেছে। তারা মাছ ক্রয়ের চেষ্টা করছে। মাছ কম থাকায় তাদের বেশি দামে মাছ কিনতে হচ্ছে। গত সপ্তাহে মাছের দাম কিছুটা কম ছিল। ঘাটে মাছের আমদামি বাড়লে দাম কমে যাবে।