বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক জটিল চৌরাস্তার সম্মুখীন, যেখানে রাজনৈতিক পরিস্থিতি পরিণত, সংযত ও নৈতিক নেতৃত্ব দাবি করছে।
সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল ও তাদের সহযোগী অঙ্গসংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর এখন একে অপরকে মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকা উচিত। এই চক্র বন্ধ করা জরুরি।”
সম্প্রতি ছাত্রদলকে ঘিরে ঘটে যাওয়া এক ঘটনাকে তিনি ‘উদ্বেগজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, “আরও দুঃখজনক বিষয় হলো—কিছু সংবাদমাধ্যম যাচাই-বাছাই না করেই সেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে। এটি কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার উদাহরণ নয়।”
তিনি আরও বলেন, “আমরা এখন এমন একটি সময়ে আছি, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের উচিত পরিপক্বতা ও সততার সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একটি বার্তা স্পষ্ট হওয়া দরকার—রাজনীতিতে মিথ্যা ও প্রোপাগান্ডার কোনো স্থান নেই।”
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, “সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব—এই গুণগুলোই ভবিষ্যতের পথনির্দেশক হওয়া উচিত।”