প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভে উত্তাল জনতা, কাঁদানে গ্যাস-রাবার বুলেটে জবাব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে সহিংস বিক্ষোভ চরমে পৌঁছেছে। বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একাধিক দফা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলসে বিপুল সংখ্যক ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। যদিও এ সিদ্ধান্ত পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আরও উত্তেজনা সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীদের ‘নতুন কৌশল’: ট্রাম্প

রোববার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা আমাদের বাহিনীর দিকে থুতু ছিটিয়েছে, আমরাও জবাব দিয়েছি। এ ধরনের আচরণ বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, কেউ যদি সেনা বা পুলিশের সঙ্গে অশালীন আচরণ করে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

গ্রেপ্তার ২৭, আরও সেনা মোতায়েনের ইঙ্গিত

রোববারের সংঘর্ষে ২৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের বারংবার নির্দেশ অমান্য করায় এসব গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সহিংসতার প্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে। যদিও এ বিষয়ে এখনো ট্রাম্প প্রশাসনের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

অভিযান ও বিক্ষোভের পেছনের কারণ

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন অভিবাসন বিভাগ (ICE)। এতে এখন পর্যন্ত ১১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই লস অ্যাঞ্জেলসে শুরু হয় গণবিক্ষোভ, যা দিনকে দিন আরও বিস্তৃত ও সহিংস হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, লস অ্যাঞ্জেলসের মতো অভিবাসনঘন এলাকায় এই ধরনের পদক্ষেপ সামাজিক অস্থিরতা আরও বাড়াতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা