প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশত্যাগ করেছেন। রোববার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন তিনি।

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার এবং সক্ষমতা না থাকার পরও সরকারি বড় বড় পদ দখল করে রাখাসহ বিভিন্ন অভিযোগের মধ্যেই দেশ ছাড়লেন পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চাচা।

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। এরপরও শেখ হাসিনার আনুকূল্যে ও ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন।

শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। শেখ হাসিনার চাচা এই শেখ কবির গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন। এ পরিচয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদ দখল করে রাখেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।

একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন কোম্পানি, সংস্থা এবং গুরুত্বপূর্ণ সংগঠন মিলিয়ে ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন শেখ কবির।

এসব প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সরকারি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান, কাবিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কাবিকো ফুড লিমিটেড অ্যান্ড মাসুদা ডায়েরি নিউট্রিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বেস্ট হোল্ডিংয়ের (লা মেরিডিয়ান হোটেল) স্বতন্ত্র পরিচালক ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ইসলামী আই হাসপাতালের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য, হেলথ অ্যান্ড এডুকেশন ফর দ্য লোকাল আন্ডার প্রিভিলেজড পিপলসের চেয়ারম্যান এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন শেখ কবির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা