ঈদ মানেই আনন্দ আর আপনজনের সঙ্গে ভাগাভাগির সময়। কিন্তু সেই আনন্দ অনেকের জীবন থেকে হারিয়ে গেছে বহু আগেই। যেমনটা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়া পুকুরিয়া এলাকার একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া ২০ জন মায়ের জীবনে।
ঈদের দিন যখন দেশের প্রতিটি ঘর খুশির হাসিতে মুখর, তখন বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মাঝে নিঃসঙ্গতা আর অশ্রুভেজা স্মৃতি বয়ে বেড়ান এই মায়েরা।
রহিমা বেগম, যিনি এক সময় ছিলেন তিন ছেলে ও এক মেয়ের গর্বিত জননী। সন্তানদের মানুষ করেছেন নিজের হাতে, দাঁড় করিয়েছেন জীবনভিত্তির উপর। স্বামী হারানোর পর তাঁর জীবনের গতি বদলে যায়। অসুস্থতা তাঁকে সন্তানদের কাছে বোঝা বানিয়ে দেয়। একসময় গৃহহীন হয়ে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এখন আর ঈদ তাঁর কাছে উৎসব নয়, বরং না-পাওয়ার তীব্র বেদনার প্রতিচ্ছবি।
“একটা সন্তানও ফোন করে না, কেউ আসে না। কী দোষ করেছি জানি না,”—কান্নাজড়িত কণ্ঠে বলেন রহিমা।
কুলসুমা বেগমের কথাতেও ফুটে ওঠে একই দুঃখ। বলেন, “ঈদের দিনে মানুষ যেখানে আপনজন নিয়ে হাসে, সেখানে আমরা কেবল কাঁদি। ঈদের চাঁদ তো আর আমাদের জানালায় ওঠে না।”
ঈদের সকালেও বৃদ্ধাশ্রমের ভেতর দেখা যায় এক ধরনের চাপা বিষণ্নতা। কেউ নিঃশব্দে বসে, কেউবা পুরোনো গল্পে হারিয়ে যান। সুফিয়া বেগম, যিনি প্রশ্ন শুনে আর স্থির থাকতে পারেন না—“আমাদের যেন আর কেউ না হয়। সন্তান হয়ে যদি মা-বাবার খবর না নেওয়া হয়, তবে কী দরকার এমন সন্তান?”
বৃদ্ধাশ্রম পরিচালনার দায়িত্বে থাকা ইসমত আরা জানান, “সকালে সেমাই দিয়েছি। দুপুরে ছিল ডিম, ডাল আর আলু ভর্তা। কেউ কোরবানির মাংস দিলে রাতে তা রান্না করব। না দিলে ওই খাবারেই দিন কাটবে।”
এই আশ্রমে থাকা এক মা বলেন, “আমার তো নাতি-নাতনিদের সঙ্গে বসে ঈদ করার কথা ছিল। ভাগ্য কপালে না থাকলে কিছুই হয় না। তবে এখানকার মানুষজন যতটা পারে দেখাশোনা করে।”
ঈদ এখানে সেজে ওঠে না। উৎসবের রঙ ছুঁয়েও যায় না মায়েদের মনকে। ভালো খাবার, সেমাই—এসবও অর্থহীন হয়ে যায় যখন সন্তানদের আদর, মমতা, একটু পাশে থাকার চাওয়া অপূর্ণ থেকে যায়।