জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন।
শনিবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জামায়াতের আমির কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের নামাজে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।