জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে কোনো আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন এই কথা বলেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আজ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৬ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এ বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। তারপরও প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভিন্ন সময়ে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন দাবি করেছে। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানাতে দেখা গেছে দলটিকে। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিও তারা সামনে এনেছে।