প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এপ্রিলে নির্বাচনের ঘোষণা পুরো জাতিকে হতাশ করেছেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জুন, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে।

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার (৬ জুন) রাতে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ তিনি (ড. ইউনূস) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে।

এর আগে রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন।

প্রসঙ্গত, চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে ব্যাংককে যান মির্জা ফখরুল। এরপর ১৫ মে সেখানে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা