ঈদের ছুটিতে পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী, দুই ছেলে ও সিএনজিচালক আহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-ছনবাড়ি সড়কের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাইন্নাবাড়ি এলাকার হলি কেয়ার মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। শুক্রবার স্ত্রী সেতু বেগম ও দুই সন্তান নবীন (৯) ও আহিয়ানকে (৪) নিয়ে শ্বশুরবাড়ি মাদারীপুর যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তানরাও আহত হন। আহত সিএনজিচালক সাব্বির (২১) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত মাসুদ রানার মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্ত্রী সেতু বেগমকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।