প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদের প্রধান জামাতে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জুন, ২০২৫

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামাতে অংশ নেন।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাত শেষ হয় ৭টা ৪২ মিনিটে।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাতে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ঈদগাহ মাঠে আসেন।

ঈদ জামাতে সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মুসল্লি নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। খুতবা ও মোনাজাত শেষে প্রধান উপদেষ্টা দেশ ও জণগণের মঙ্গলের জন্য ঈদ জামাতে উপস্থিত সবার কাছে দোয়া চান।

এদিন ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের আসতে দেখা যায়। নামাজের আগে ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যায়।

ঈদের প্রধান জামাতের আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করার ব্যবস্থা করা হয়। সেখানে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বড়দের পাশাপাশি শিশুদেরও ঈদ জামাতে অংশ নিতে দেখা যায়।

জামাতে অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের সার্বক্ষণিক তৎপর থাকতে দেখা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা