প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঈদের শুভেচ্ছা জানান এবং সবার শান্তি, স্বাচ্ছন্দ্য ও কল্যাণ কামনা করেন।

তারেক রহমান লেখেন, “ঈদুল আজহা ত্যাগের শিক্ষা দেয়। আল কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত নয়, পৌঁছায় মানুষের অন্তরের পবিত্র অভিপ্রায়।” এই আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই ঈদুল আজহার মূল বার্তা বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানাবিধ সংকটের মধ্যেও ঈদের আনন্দে মানুষ উদ্বেলিত। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী চক্রের পতনের পর এবার কিছুটা স্বস্তির আবহে ঈদ উদযাপন করতে পারবে জনগণ।”

তারেক রহমান বলেন, “দীর্ঘদিনের স্বেচ্ছাচারী শাসন নীতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ডেকে এনেছে। এখন সময়, দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ন্যায়ের সমাজ গড়ার। যেন দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের পুনরাবৃত্তি না ঘটে।”

তিনি আরও বলেন, “ঈদুল আজহার কোরবানি কেবল পশু জবাই নয়, বরং এটি আত্মত্যাগের প্রতীক। এই উৎসব সমাজে ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঈদের আনন্দ সবার পক্ষে সমানভাবে উপভোগ করা কঠিন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। ঈদের দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সবাইকে সে খেয়াল রাখতে হবে।”

সবশেষে তারেক রহমান দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করেন। বলেন, “ঈদ হোক আনন্দ, সংহতি ও সম্প্রীতির প্রতীক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা