প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে গাজীপুর অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শুরু করে ভালুকার সীডস্টোর-আমতলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।

সকালের দিকে ধীরগতিতে চললেও দুপুরের পর যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়। সঙ্গে দুপুরের বৃষ্টিতে যান চলাচল একপ্রকার অচল হয়ে পড়ে।

শ্যামলী বাংলা পরিবহনের চালক সোহেল রানা জানান, “গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা উড়ালসড়কে যেতে ৬ ঘণ্টা লেগেছে। ময়মনসিংহ পৌঁছাতে আর কত সময় লাগবে, তা আল্লাহই জানেন।”

একই ভোগান্তির কথা জানালেন যাত্রী বিপুল ইসলাম। তিনি বলেন, “গাড়ি প্রায় ৩০ মিনিট ধরে একদম নড়ছে না। মাঝে মাঝে একটু করে এগোয়। মনে হচ্ছে হেঁটেই রওনা দিলে অনেক আগেই পৌঁছানো যেত।”

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, “দুপুরের পর ভালুকা এলাকার বিভিন্ন মোড়ে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে যায়। বৃষ্টির কারণে অনেক বাস যাত্রী তুলতে না পেরে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। এতে মোড়গুলোতে জট লেগে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা