প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কলকাতায় আ.লীগ নেতা ও পলাতক পুলিশ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ভাটপাড়া এলাকায় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজপত্র যাচাই করে ছেড়ে দিয়েছে স্থানীয় পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং একজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, সোমবার (২ জুন) ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এ তিনজনকে আটক করা হয়। তারা পাঁচ মাস ধরে স্থানীয় তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং সাবেক পুলিশ কর্মকর্তা হাসান আরাফাত আবিদ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাদের সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে তাদের কাছ থেকে বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া গেলে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

তাদের সঙ্গে একই বাড়িতে অবস্থান করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানান, আটক তিনজন তিতাস মণ্ডলের পূর্বপরিচিত। “তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং ভারতে থাকার প্রয়োজনীয় কাগজপত্র তাদের সঙ্গে ছিল,” বলেন অনিরুদ্ধ।

এদিকে, ভাটপাড়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম জানান, “কয়েকদিন আগে ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের থাকার খবর পেয়ে সেখানে যাই। তাদের সবার কাছেই বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল।”

এই ধরনের ঘটনা এলাকায় নতুন নয় বলে জানান স্থানীয়রা। মাঝে মধ্যেই কিছু বাংলাদেশি নাগরিক তিতাস মণ্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে অবস্থান করে আবার ফিরে যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা